যেভাবে নির্মম হত্যাকাণ্ড চালানো হয়েছিল কারবালায়, তেমনি সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছিল ১৯৭৫ সালের ১৫ আগস্ট ধানমন্ডির ৩২ নম্বরে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় রোববার সকালে তিনি এ কথা বলেন। এই আলোচনার আয়োজন করে ঢাকা মহানগর আওয়ামী লীগ। ‘গণভবন’ থেকে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।
এসময় প্রধানমন্ত্রী আরো বলেন, হত্যা করা হয়নি কারবালার হত্যাকাণ্ডেও নারী এবং শিশুদের। কিন্তু নারী শিশুরাও রক্ষা পায়নি ১৫ আগস্টে। জাতির পিতার অপরাধটা কী ছিল, দেশকে স্বাধীনতা এনে দেয়া, একটি জাতিকে আত্ম-পরিচয়ের সুযোগ করে দেওয়া? এটাই কী ছিল তার অপরাধ প্রশ্ন রাখেন বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনা।
শেখ হাসিনা বলেন, জাতির পিতা সুদূরপ্রসারী পরিকল্পনা করেছিলেন দেশকে এগিয়ে নিতে। কিন্তু তিনি সময় পাননি বাস্তবায়ন করার। ধাপে ধাপে তিনি দেশকে এগিয়ে নিয়েছিলেন। অর্থনৈতিক উন্নয়নের পথে দেশ যখন যাত্রা শুরু করেছিল, ১৫ আগস্টের ঘটনা তখনই ঘটানো হয়।


